২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন রশীদ চৌধুরীর নাতির বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার মামলা

রাজধানীর বারিধারায় অবসরপ্রাপ্ত এক উর্দ্ধতন সেনা কর্মকর্তার বাসায় ঢুকে তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বারিধারায় অবসরপ্রাপ্ত এক উর্দ্ধতন সেনা কর্মকর্তার বাসায় ঢুকে তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবারের এ ঘটনার শিকার নুহের লতীফ খান ওরফে শামির (২৪) বাবা লে. কর্নেল (অব.) আব্দুল লতীফ খান হত্যাচেষ্টার অভিযোগে চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। গুলশান থানায় দায়ের করা মামলার আসামীরা হলেন প্রয়াত রাজনীতিক ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর নাতি মিশেল করিম খান (৩০), পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদার ছেলে শামসুল হুদা (৩০), ব্যবসায়ী মো. আব্দুল্লাহর ছেলে এহসান আব্দুল্লাহ (২৮) এবং মো. শাহরিয়ার। শামি বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মা ফ্যাশান ডিজাইনার রীনা লতীফ। ঘটনার দেড় দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার এজাহারে অন্যতম কথিত হামলাকারী শাহরিয়ারের পিতার নাম বা কোন ঠিকানা উল্লেখ করা হয়নি। বাসায় ঢুকে 'খুনের উদ্দেশ্যে' মারধোর করার অভিযোগে এ মামলা করা হয়েছে। এজাহারে লে. কর্নেল লতীফ অভিযোগ করেছেন, শুক্রবার সকাল সাতটার দিকে আসামীরা মদ্যপ অবস্থায় বাসার নিচ তলায় ঢুকে পড়ে। তারা শামিকে মোবাইলফোনে ডেকে নিয়ে বেদম মারধোর করে। এ সময় আক্রমণকারীদের অন্যতম মিশেল তাকে লাঠি দিয়ে আঘাত করেন। কর্নেল লতীফ বলেছেন, ছেলের চিৎকার শুনে তিনি এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। কর্নেল লতীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, শামিকে রক্তাক্ত অবস্থায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২৪ ঘন্টা রাখার পর শনিবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়। হামলার সম্ভাব্য কারণ জানতে চাইলে তিনি বলেন, "ঠিক কী কারণে হামলা করা হয়েছে তা আমরা নিজেরাও পরিস্কার করে বুঝতে পারছি না। আমার ছেলের সঙ্গে যে ওদের বন্ধুত্ব ছিল তা-ও না। তবে তারা শামির পূর্বপরিচিত।" মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তদন্তের কাজ শুরু করেছি মাত্র। শামি নিজেও হামলার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না।" কোন আসামী গ্রেপ্তার না হওয়ার কারণ জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা বলেন, "আমরা আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল (শুক্রবার) থেকে এ জন্য রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়েছে।" গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করা হয়েছে। তারা যে কোন সময় ধরা পড়বে বলে আমরা আশা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২১২২ঘ.