খুলনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৫ মেয়র প্রার্থীর মধ্যে ১০ জন শুক্রবার হাতে হাত রেখে ১৩ টি অঙ্গীকার করেছেন।
নগরীর সারদা হলে 'জনগণের মুখোমুখি' শীর্ষক এক অনুষ্ঠানে ভোটারদের সামনে তারা এ অঙ্গীকার করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন), প্রথম আলো, ডেইলি স্টার ও চ্যানেল আই যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মেয়র প্রার্থী আবদুল মুকিত খান, আ ফ ম কামাল অ্যাডভোকেট, কুতুব উদ্দিন আহমদ, সৈয়দ মুহিবুর রহমান, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, বশির আহমদ, সৈয়দ আলী আফসার, মো. ছালাহ উদ্দিন রিমন, আবদুস সামাদ নজরুল, ড. কাজী কামাল আহমদ প্রথমে বক্তৃতা করেন এবং পরে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পরে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ১০ প্রার্থীকে ১৩ টি প্রতিশ্র"তি রক্ষার শপথ করান।
প্রার্থীদের অঙ্গীকারের মধ্যে রয়েছে- অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা; সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত রাখা; করপোরেশনের সম্পদ বৃদ্ধিসহ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা; খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে কাজ করা; এলাকার মানুষকে সংগঠিত করে একটি স্বেচ্ছাব্রতী আন্দোলন গড়ে তোলা; সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ইত্যাদি।
মেয়র পদের প্রার্থীরা নগরীর বিভিন্ন সমস্যা দূর করার ব্যাপারেও নিজেদের প্রতিশ্র"তি দেন।
প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় আয়ের উৎস, শিক্ষাগত যোগ্যতা, পেশাসহ যে সাতটি তথ্য দিয়েছেন সেগুলো লিফলেট আকারে উপস্থিত নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালক বদিউল আলম মজুমদার বলেন, "আমাদের ভোট দেখে শুনে বুঝে সৎ ব্যক্তিকে দিতে হবে। কোনো প্রলোভনে পড়ে দুর্নীতিপরায়ণ, অযোগ্য ও অসৎ ব্যক্তির হাতে আমাদের পবিত্র আমানত 'ভোট' তুলে দিতে পারি না। দেশেকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সৎ ও নির্লোভ ব্যক্তিকে নির্বাচিত করার বিকল্প নেই।"
সুজন সিলেট শাখার সভাপতি অধ্যাপক আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন সুজন সিলেট জেলা সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী।
১৪ দল সমর্থীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান কারাগারে থাকায় তাকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া চার আমন্ত্রিত মেয়র পদপ্রার্থী বাবরুল হোসেন বাবুল, এম এ হক, মো. কুনু মিয়া ও মাওলানা মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে আসেন নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৪৭ ঘ.
bdnews24