ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়টি ইউনিয়নের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। বিধ্বস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘর-বাড়ি।
পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
আমাদের শেরপুর প্রতিনিধি জানান, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ পর্যন্ত পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত থেকে আসা পাহাড়ি ঢলে মণ্ডলিয়াপাড়া, কেরেঙ্গাপাড়া, কুলপুর, চিনামারা, খালভাঙ্গা, মরিচপুরান, মিশুলতলা, নয়াবিল ও হাতিপাগার এলাকায় ভোগাই নদীর তীর রক্ষা বাঁধের পাঁচশ মিটার অংশ ধসে গেছে।
পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টির ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা-ঘাট, বাড়ি-ঘর ও ফসলি জমি।
তিনি জানান, ভোগাই নদীর তীর বাঁধের যেসব অংশ ভেঙে সাধারণত পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে ওই সব অংশ মেরামত করা হয়েছে। এবার পানি ঢুকেছে বন্যামুক্ত এলাকা হিসেবে বিবেচিত নদীর অপর তীরবর্তী এলাকায়।
তিনি বলেন, "উপজেলার ৩টি ইউনিয়ন সম্পূর্ণ ও নালিতাবাড়ী পৌরসভাসহ ৬টি ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে জানিয়ে আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছি।"
নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী, কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, এখানকার অধিকাংশ মানুষের বাড়িঘর মাটির দেওয়াল দিয়ে তৈরি। বুধবার গভীর রাতে মণ্ডলিয়াপাড়া এলাকায় ভোগাই নদীর বাঁধ ভেঙে এই এলাকায় পানি ঢুকেছে।
তারা আরও জানান, রাতের আঁধারে কেউ গাছে উঠে, কেউ সড়কে এসে, কেউ কেউ ঘরের ভেতরে চৌকির উপর চৌকি তুলে আত্মরক্ষা করেছে।
এই এলাকায় এমন পানি কখনও দেখেননি বলেও জানান এ দুই চেয়ারম্যান।
তারা বলেন, বন্যায় এই দুই ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রামে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পুকুরের লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে শত শত একর জমির আউশ ধান, আমনের বীজতলা ও রোপা আমন।
চান্দেনন্নী গ্রামের ক্বারি মোহাম্মদ সামছউদ্দিন (৭০) বলেন, "আমার ৭০ বছর বয়সের জীবনে এই রকম পানি দেখি নাই।"
এলাকাবাসী চান্দেরনন্নী গ্রামের রিক্সাচালক আস্তর আলী (৪০), বিন্নীবাড়ী গ্রামের কৃষক আব্দুল গফুর (৫৫), গৃহিনী হনুফা বেগম বুরুন্দি (৪০) এবং হাতিবান্ধা গ্রামের দিন মজুর আ. ছালাম কাল (৩৯) জানান, এই এলাকার মানুষ কোনোদিন বন্যা দেখেনি।
ফরিদপুর প্রতিনিধি জানান, পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদর উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
শুক্রবার গোয়ালন্দ পয়েন্টে পদ্মানদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর, চরধোলাই, ষোলরশি, ডিক্রিরচর ইউনিয়নের বালিয়াঘাট, আইজুদ্দীন মাতুব্বরের ডাঙ্গি ও চরটেপুরাকান্দি ও আলিয়াবাদ ইউনিয়নের গদাধরাডাঙ্গি ও সাদীপুর এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।
মোখলেসুর রহমান বলেন, "বুধবার ১৪ সেন্টিমিটার পানি বাড়লেও বৃহস্পতিবার পদ্মা নদীতে পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। শুক্রবার গোয়ালন্দ পয়েন্টে পদ্মানদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।"
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্লাবিত এলাকার মানুষ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"
আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ সদস্য মো. আক্তারুজ্জামান জানান, এখন পর্যন্ত কোনও সরকারি বা বেসরকারি সাহায্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএইচবি/২১২৮ ঘ.
bdnews24