২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমডিসি ইনস্টিটিউটে প্রধান শিক্ষক বদল, পুলিশি তদন্ত শুরু

রাজধানীর পল্লবীতে বুধবার নৌকা ডুবে ৫ শিক্ষার্থীর মৃত্যুর জন্য এমডিসি মডেল ইনস্টিটিউটের শিক্ষকদের দায়িত্বহীনতা ও কোন্দলকে দায়ী করেছেন অভিবাবকরা। তাদের দাবির মুখে জলা প্রশাসক এ ঘটনার পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে বুধবার নৌকা ডুবে ৫ শিক্ষার্থীর মৃত্যুর জন্য এমডিসি মডেল ইনস্টিটিউটের শিক্ষকদের দায়িত্বহীনতা ও কোন্দলকে দায়ী করেছেন অভিবাবকরা। তাদের দাবির মুখে জলা প্রশাসক এ ঘটনার পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে আরেক শিক্ষককে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় হঠাৎ করে ছুটি দেওয়ার পর নবম ও দশম শ্রেণীর ১০ শিক্ষার্থী পল্লবীর কালসি এলাকার ঝিলে নৌকাভ্রমণে বের হয়। ঝিলের মাঝামাঝি নৌকা ডুবে গেলে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো পাঁচজনকে। নিহতরা হলো- নবম শ্রেণীর ছাত্রী খুকি (১৫), যুথী (১৫), শশী (১৫) ও তার বোন বৃষ্টি (১৬) এবং দশম শ্রেণীর ছাত্র নিয়াজ আহম্মেদ নিপু (১৮)। অভিবাবকরা বলছেন, শিক্ষকদের কোন্দলের কারণে বুধবার কয়েক ঘণ্টা আগে স্কুল ছুটি না হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা বৃহস্পতিবার সকাল থেকে স্কুলে জড়ো হতে থাকেন। তাদের দাবির মুখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাজা আব্দুল হান্নান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা এলাকাবাসী ও অভিবাবকদের সঙ্গে বৈঠকে বসেন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈঠক চলে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে এমডিসি মডেল ইনস্টিটিউটের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারফত আলীকে অব্যহতি দিয়ে বাংলা বিভাগের শিক্ষক খালেদা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকর দায়িত্ব দেওয়া হয়। পরে স্থায়ীভাবে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারেও আশ্বাস দেয় পরিচালনা পর্ষদ। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবীণ শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংখ্যাগরিষ্ঠ শিক্ষকের মতামত উপেক্ষা করে খালেদা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছে। এতে জটিলতা কমবে না, বরং বাড়বে।" অভিভাবক হিসেবে বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী মুক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের জানুয়ারিতে সিরাজুল ইসলাম প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে যাওয়ার পর নিয়ম অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের ওই দায়িত্ব পাওয়ার কথা ছিল। কিন্তু তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ থাকায় পরিচালনা কমিটি স্কুলের প্রবীণ শিক্ষক মারফত আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। মারফত আলী দায়িত্ব দেওয়ার পর থেকেই দুই শিবিরে ভাগ হয়ে যায়। কিছু শিক্ষক আব্দুল মোতালেবকে ওই দায়িত্ব দেওয়ার দাবি জানাতে থাকে। মুক্তার হোসেন জানান, গ্রীষ্মের ছুটি শেষে গত ১১ জুন স্কুল খোলে। মোতালেব সমর্থক শিক্ষকরা ওইদিন ক্লাস বন্ধ রাখার চেষ্টা করলে অন্যপক্ষের শিক্ষকরা জোর করে ক্লাস চালিয়ে যান। পরদিন মারফত আলী সমর্থক শিক্ষকরা ক্লাসে গেলে অপরপক্ষ তাদের ওপর হামলা চালায়। পরিমল চন্দ্র দাস নামের এক শিক্ষক এদিন বেদম পিটুনির শিকার হন। পরিমল পরে পল্লবী থানায় মামলা করতে গেলে পুলিশ তা মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি হিসাবে নেয়। বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, মোতালেবপন্থী শিক্ষকরা মঙ্গলবার স্কুলের সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ কারণে বুধবার সকালে মর্নিং শিফটের ক্লাস সকাল সাড়ে ৭টার বদলে ৮টায় শুরু হয়। ১০টা পর্যন্ত চারটি ক্লাস চলার পর বিরতি চলাকালীন সময়ে শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী ছাত্রীদের ডেকে ছুটি দিয়ে দেন। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থী আমেনা রহমান অজন্তার বড় ভাই ফজলে রাব্বি বলেন, "শিক্ষকদের দায়িত্ব কেবল লেখাপড়া শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্কুলে উপযুক্ত পরিবেশ বজায় রাখার বিষয়টিও তাদের নিশ্চিত করার কথা। অথচ এই স্কুলের শিক্ষকরা তাদের দায়িত্ব পালন না করে উল্টো কোন্দলে ব্যস্ত। বুধবার আগেভাগে স্কুল ছুটি না হলে এতগুলো প্রাণ ঝরে পড়তো না।" এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাব্বি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাজা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা প্রশাসক পুলিশকে দিয়ে তদন্ত করে দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাদের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২২১৬ ঘ.