২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে: হাসান মশহুদ

চলমান দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

রাজশাহী, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "দেশে এখনও দুর্নীতি কমেনি। চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে আরও জোরদার করতে হবে। আগামীতে যাতে সমাজে দূর্নীতি না থাকে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।" বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে 'দুর্নীতিবিরোধী অভিযান' শীর্ষক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান মশহুদ চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, "আগামী দিনের বংলাদেশ যেন অতীতের দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর এজন্য সবার সহযোগিতা দরকার।" নতুন প্রজন্ম- বিশেষ করে তরুণ সমাজ, যারা দুর্নীতির বিরুদ্ধে সজাগ রয়েছে তাদের উৎসাহিত করারও আহবান জানান হাসান মশহুদ। তিনি তরুণদের উদ্ধেশ্যে বলেন, "দূর্নীতি করবেন না বলে যখন আপনারা (তরুণরা) অঙ্গীকার করেন এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন, তখন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার ব্যাপারে সাহস পাই।" অনুষ্ঠানের শুরুতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বুকে হাত রেখে উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। এরপর প্রতিযোগিতায় বিজয়ী ২০জনের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আলী রেজা মুহম্মদ আব্দুল মজিদ। কলেজ অধ্যক্ষকে উপহার হিসেবে দুদকের একটি ক্রেস্ট দেন হাসান মশহুদ চৌধুরী। কলেজের পক্ষ থেকে দুদক চেয়ারম্যানকেও একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়। এর আগে সকাল ৯টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ' বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন দুদক চেয়ারম্যান। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূইয়া, জেলা প্রশাসক ইব্রাহীম খলীল এবং পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওবায়দুর রহমান। বিডিনিউজ টোয়েন্টি ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/১৯২৬ ঘ.