ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার মাসে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করতে বেসামরিক প্রশাসন ও যৌথবাহিনী একসঙ্গে কাজ করবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় মনিটরিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে টিসিবি, বিডিআর ও খাদ্য মন্ত্রণালয়কে সর্বাত্মক চেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয় সভায়। টিসিবিকে রমজানের আগেই তিন হাজার টন করে মসুর ডাল ও ভোজ্যতেল এবং পাঁচশ টন করে পেঁয়াজ ও ছোলা আমদানির নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয় দেশে বর্তমান চালের মজুদ ১০ লাখ টনের বেশি। গত বছর একই সময়ে এ পরিমাণ ছিল ছয় লাখ ৭০ হাজার টন।
স্বরাষ্ট্র, খাদ্য, কৃষি, শিল্প, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগ ও অধিদপ্তর এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/এসকে/১৭২৮ঘ.
bdnews24