২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুজনের জীবন বাঁচালেও নিজে পারল না নিপু

সাঁতরে দুজনকে তীরে ওঠাতে পারলেও নিজের জীবন বাঁচাতে পারেনি পল্লবীর এমডিসি মডেল ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র নিয়াজ আহম্মেদ নিপু। বুধবার দুপুরে মীরপুরের কালসি এলাকায় নৌকা ডুবে যে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, নিপু তাদের একজন। জানাচ্ছেন আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 07:22 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাঁতরে দুজনকে তীরে ওঠাতে পারলেও নিজের জীবন বাঁচাতে পারেনি পল্লবীর এমডিসি মডেল ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র নিয়াজ আহম্মেদ নিপু। বুধবার দুপুরে মীরপুরের কালসি এলাকায় নৌকা ডুবে যে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, নিপু তাদেরই একজন। নিহত অন্যরা হলো- খুকি (১৫), যুথী (১৫), শশী (১৫) ও তার বোন বৃষ্টি (১৬)। এ চারজনের সবাই এমডিসি মডেল ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছ্ত্রাী। ঘটনার পরপরই ওই এলাকায় দায়িত্বরত র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা বিষয়টি দমকল বাহিনীকেও জানায়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় একই শিক্ষা প্রতিষ্ঠানের আরও চার শিক্ষার্থীকে। স্থানীয় ব্যবসায়ী আক্তার হোসেন জানান, এমডিসি মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের পদ নিয়ে মারফত আলী ও আব্দুল মোতালেব নামে দুই শিক্ষকের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। স্কুলের শিক্ষকরাও এ ব্যাপারে দ্বিধাবিভক্ত। এ বিবাদের কারণে বুধবার টিফিনের পর শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়। তারই সুযোগে নিপুসহ বেশ কয়েকজন ছাত্রছাত্রী নৌকা নিয়ে ঝিলে যায়। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর বেলা বাসায় আইয়া খাইতে বসনের সময় হটাৎ লোকজনের চিৎকার শুইনা বাইরে আইসা দেখি, দূরে পানির মইদ্যে কয়ডা পোলাপান হাবুডুবু খাইতাছে। ভাত খাওন ফেলাইয়া আরো কয়েকজনের লগে পানিতে ঝাঁপায়ে পড়ছিলাম। কিন্তু নৌকার কাছে যাওনের আগেই কয়েকজন পানিত ডুইবা যায়।" জাহাঙ্গীর বলেন, "পানিত ডুব দিয়া খোঁজাখুজির সময় পায়ের লগে কিছু একটা বাড়ি খাইলো। ভালো কইরা চাইয়া দেহি লাশ। অনেক চেষ্টা কইরাও একা তুলবার পারি নাই। পরে দড়ি বাইন্ধা কয়েকজন মিল্লা লাশটা টাইনা তুলছি।" বেসরকারী চাকুরে কলিম খান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবছরই এই ঝিল মানুষ টাইনা নেয়। বাচ্চারা গোসল করতে নামলেই উধাও হয়ে যায়।" দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছে নবম শ্রেণীর ছাত্রী আমিনা রহমান অজন্তা। হাসপাতালে চিকিৎসার পর বিকেলে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে। চোখের সামনে হাবুডুবু খেতে খেতে সহপাঠীদের মৃত্যুর দৃশ্য ভুলতে পারছেন না সে। কাঁদতে কাঁদতে বার বার সংজ্ঞা হারিয়ে ফেলছে। অজন্তার বড় ভাই ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হালকা জ্বরের কারণে সকালে অজন্তাকে স্কুলে যেতে নিষেধ করেছিলাম আমরা। দুপুরে বেতন দেওয়ার জন্য আমার সঙ্গে ওর স্কুলে যাওয়ার কথা ছিলো। ১১টার দিকে ইভা, যুথী, শশী আর বৃষ্টিসহ ওর কয়েকজন বন্ধু-বান্ধবী বাসায় আসে। কিছুক্ষণ পর পাশের ঝিলে বেড়াতে যাওয়ার কথা বলে অজন্তাকে নিয়ে বেরিয়ে যায় ওরা।" ফজলে রাব্বি নৌকাডুবির খবর পান দুপুর সাড়ে ১২টার দিকে। পরে সেখানে গিয়ে অজন্তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অজন্তার বরাত দিয়ে ফজলে রাব্বি জানান, ঝিলের মাঝখানে যাওয়ার পর ফুটো দিয়ে নৌকায় পানি উঠতে শুরু করে। শিক্ষার্থীরা ভয় পেয়ে মাঝিকে নৌকা তীরে ভেড়াতে বললেও মাঝি তাদের অভয় দিয়ে নৌকা চালিয়ে যায়। এ সময় কয়েকজন ভয়ে চিৎকার করতে করতে উঠে দাঁড়ালে ভারসম্য হারিয়ে নৌকা উল্টে যায়। রাব্বি বলেন, "ওদের সবার মধ্যে একমাত্র নিপুই ভালো সাঁতার জানতো। নৌকা উল্টানোর পর সে চাইলে সাঁতরে নিজে বাঁচতে পারতো। কিন্তু তা না করে সে অজন্তা ও ইভাকে দুই হাতে জাপটে ধরে সাঁতরে তীরের কাছাকাছি নিয়ে আসে। এরই মধ্যে সেখানে হাজির হওয়া কয়েকজন অজন্তা ও ইভাকে পানি থেকে টেনে পারে তোলে। এরপর যুথী, বৃষ্টি ও শশীসহ অন্যদের বাঁচাতে নিপু আবারও ঝিলের মাঝখানে চলে যায়। হাবুডুবু খেতে থাকা যুথী, বৃষ্টি, শশী একসঙ্গে নিপুকে জড়িয়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে। আর নিপুও তাদের তিনজনকে নিয়ে সাঁতরে তীরে আসার চেষ্টা করে।" ক্লান্ত নিপু আর কাউকে ফেরাতে পারেনি। ফিরতে পারেনি নিজেও। তীরে পৌঁছানোর আগেই পানিতে তলিয়ে যায় তারা। মরতে মরতেও প্রাণে বেঁচে যাওয়া অজন্তাকে ফিরে পেয়ে বিহ্বল অজন্তার মা নাজনীন রহমান। "আল্লাহ আমার সোনারে বাঁচাইয়াছে। তার কাছে হাজারবার শুকরিয়া। আমি গরু কাইটা গরিব-মিসকিনরে খাওয়ামু।" কান্না জাড়ানো কণ্ঠে এর চেয়ে বেশি কিছু বলতে পারছিলেন না তিনি। দুই মেয়ে শশী আর বৃষ্টিকে একসঙ্গে হারিয়ে পাগলপ্রায় গোলাম কাদের ও মলি। সন্ধ্যায় তাদের বাসায় গিয়ে দেখা গেল, মা মলি একমাত্র জীবিত সন্তান সুমাইয়াকে (৫) জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বার বার সংজ্ঞা হারাচ্ছেন। আর সাংবাদিকরা ছবি তুলতে গেলে তেড়ে আসছেন বাবা গোলাম কাদের। শশী-বৃষ্টির মামা শামস জাদ-আল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ভাগ্নি দুটি ছিল খুবই শান্ত প্রকৃতির। আজ বন্ধুদের পাল্লায় পড়ে বেড়াতে গিয়েই এই সর্বনাশ হলো।" "খুব মিল ছিল ওদের মধ্যে। এক বছরের ছোট-বড় হলেও দুজন একসঙ্গে মিলিয়ে জামা-কাপড় কিনত। বেড়াতে গেলেও একসঙ্গে যেত। দুজনের মৃত্যুও হলো একসঙ্গে"। এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন শামস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/০১১১ ঘ.