২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা মসজিদ বন্দর দিয়ে ট্রাক প্রবেশ শুরু

সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলির পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকে। বিকেল সাড়ে চারটার পর কাঁচামালবাহী ২৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলির পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকে। বিকেল সাড়ে চারটার পর কাঁচামালবাহী ২৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার চাকপাড়া সীমান্তে বুধবার সকালে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হয় বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন। এক সপ্তাহ আগে শিবগঞ্জ সীমান্তে দুই বিডিআর সদস্যকে গুলি করে হত্যা করে বিএসএফ। তার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান সাংবাদিকদের বলেন, "সকাল সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত দুই পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়।" গোলাগুলির কারণ ও এতে হতাহতের বিষয়ে জানতে চাইলে কিছু জানাতে রাজি হননি ওই বিডিআর কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিডিআর কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাকপাড়া সীমান্তে বিএসএফ সদস্যরা এক জন চোরাচালানিকে ধাওয়া করতে করতে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। তখন বিডিআর সদস্যরা সতর্ক করতে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বিএসএফও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর চাকপাড়া সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কাছের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। সোনা মসজিদ থেকে ৩ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী থেকে বাংলাদেশের কোনও গাড়ি যেন বন্দরের দিকে না যায় সে জন্য বন্দর এলাকায় ট্রাক শ্রমিকদের পক্ষ থেকে মাইকিং করা হয়। চৌকা সীমান্তের পিরোজপুর গ্রাম ঘুরে দেখা যায়, স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা কাজ করছে। কৃষক হোসেন আলী (৫০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে বলেন, "পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে আছি। বিএসএফ যে কোনও সময় হামলা চালালে এ গ্রামের মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি-ঘর ছেড়ে জিনিসপত্র গরু-ছাগল নিয়ে কোথাও যাওয়ার উপায়ও নেই।" একই গ্রামের আনোয়ার হোসেন (৪০) জানান, প্রায় পৌনে এক ঘণ্টা ধরে বিডিআর ও বিএসএফ গোলাগুলির শব্দ তারা শুনেছেন। এরপর থেকেই তারা আতঙ্কে আছেন। তবে সীমান্তে বাংলাদেশী রক্ষীরা সতর্ক অবস্থায় রয়েছে বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে পেঁয়াজ ও আমসহ কাঁচামালবাহী ২৫টি ট্রাক সোনমসজিদ স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তবে আমদানি-রপ্তানি পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটিডের উপ-ব্যবস্থাপক বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে যেসব ট্রাক এসছে তার সবই কাঁচামালবাহী। আরও অনেক ট্রাক সীমান্তের দুই পাড়েই আটকে আছে। বন্দর পুরোপুরি চালু হয়ে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/জেকে/এমএইচবি/২১৩১ ঘ.