ঢাকা, জুলাই ২৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের করা মামলায় উপ বনসংরক্ষক (সাময়িক বরখাস্ত) লস্কর মো. মাকসুদুর রহমান বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন।
বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে মাকসুদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর রমনা থানায় গত বছরের ১১ ডিসেম্বর কমিশনের করা মামলায় অভিযোগ করা হয়, আসামি কমিশনে জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীর বাইরে প্রায় ২ কোটি ১২ লাখ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন এবং এর তথ্য গোপন করেছেন।
মামলাটিতে মোট ৪০ জন সাক্ষীর মধ্যে এপর্যন্ত ৩৮ জন সাক্ষ্য দিয়েছেন। তবে আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে সাক্ষ্য নেওয়ার আদেশ দেন আদালত। এর খরচ আসামিকেই বহন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/১৯২০ ঘ.
bdnews24