ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টে রিট আবেদন করেছেন দুই আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বেলাল হোসেন জয় ও কে এম জাবিরের করা আবেদনে বলা হয়েছে, 'সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত ছাড়া রাষ্ট্রপতি আর কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ের মধ্যে পড়ে না। তাই এটি জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত।'
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে দায়ের করা আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হবে বলে সাংবাদিকদের জানান রিটকারী কে এম জাবির।
আবেদনে বলা হয়েছে, অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রিধারী ও বার অ্যাট ল ডিগ্রি অর্জনকরীরাই অ্যাটর্নি সার্ভিসে যোগ দিতে পারবেন। কেবল এলএলবি উত্তীর্ণ হয়ে যারা আইনজীবী হয়েছেন তারা এ সার্ভিসে আসতে পারবেন না। এ বিধান বৈষম্যমূলক।
এতে আরো বলা হয়, অ্যাটর্নি জেনারেলের পদ সাংবিধানিক পদ। তার অধীনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের থাকাই বাঞ্ছনীয়। কিন্তু অধ্যাদেশে অ্যাটর্নি জেনারেল ছাড়া বাকি আইন কর্মকর্তাদের একজন যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তার অধীনে রাখার বিধান রয়েছে। আইন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার। অথচ তাকে যুগ্ম সচিবের অধীনে কাজ করতে হবে। এদিক থেকেও বিধানটি বৈষম্যমূলক।
গত ১৮ মে অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯০১ঘ.
bdnews24