২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির স্ত্রীকে জমি বরাদ্দে অনিয়ম হলে ব্যবস্থা: ভূমি উপদেষ্টা

রাষ্ট্রপতির স্ত্রীর নামে সরকারি জমি বরাদ্দে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খালের অংশবিশেষ 'অকৃষি খাস জমি' দেখিয়ে একটি স্কুল স্থাপনে রাষ্ট্রপতির স্ত্রী ড. আনোয়ারা বেগমের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির স্ত্রীর নামে সরকারি জমি বরাদ্দে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খালের অংশবিশেষ 'অকৃষি খাস জমি' দেখিয়ে একটি স্কুল স্থাপনে রাষ্ট্রপতির স্ত্রী ড. আনোয়ারা বেগমের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে আইন ও ভূমি উপদেষ্টা বলেন, এক্ষেত্রে কোনও অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতির স্ত্রীর নামে বরাদ্দ করা সরকারি জমির বিষয়ে উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এ বিষয়টি আমি এখনও সেভাবে জানি না। খোঁজ-খবর নিয়ে দেখবো।" আইন ভেঙে করা জমির বরাদ্দ বাতিল হবে কিনা- জানতে চাওয়া হলে হাসান আরিফ বলেন, "যদি কোনও অনিয়ম পাওয়া যায়, সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" 'প্রথম আলো'-য় প্রকাশিত ওই শীর্ষ প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ব্রিটিশ কলম্বিয়া স্কুলের সভাপতি আনোয়ারা বেগমের নামে ওই জলাভূমি বন্দোবস্ত দেওয়া হয়। এর আগে ২০০৪ সালে ওই জমি বন্দোবস্তের জন্য আবেদন জানানো হলে রাষ্ট্রপতির কার্যালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা নাকচ করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসকে/১৬২০ঘ.