ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সভায় স্বল্পোন্নত দেশগুলোর জন্য শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধার দাবি জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সংস্থার দোহা রাউন্ড আলোচনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রেড নেগোশিয়েটিং কমিটি (টিএনসি) ও গ্রিন রুম সভায় বাণিজ্য উপদেষ্টা এ দাবি জানান।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ জুলাই থেকে জেনেভায় শুরু হওয়া এ সভায় ৩৫টি দেশের বাণিজ্য মন্ত্রী অংশ নিয়েছেন। সভা চলবে ২৪ জুলাই পর্যন্ত ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই হোসেন জিল্লুর রহমান লেসেথোর বাণিজ্য মন্ত্রী পপানে লিসোবোর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করেন। পরের দিন তিনি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী চৌধুরী আহমেদ মোক্তার, আফ্রিকান, প্যাসিফিক ও ক্যারিবিয়ান গ্র"পের কো-অর্ডিনেটর মরিশাসের উপ-প্রধানমন্ত্রী, অর্থ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী রামা সিথানেন এর সঙ্গেও বৈঠক করেছেন।
চারদিনব্যাপী এ সভায় বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে। সরকারি, বেসরকারি ও গবেষণা সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত এ প্রতিনিধিদলে বাণিজ্য সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ঢাকা চেম্বারের প্রেসিডেন্টরা রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৬১১ঘ.
bdnews24