২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে গোলাগুলির পর সোনা মসজিদ বন্দর বন্ধ

সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলির পর বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার চাকপাড়া সীমান্তে বুধবার সকালে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হয় বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 07:33 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলির পর বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার চাকপাড়া সীমান্তে বুধবার সকালে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হয় বলে বিডিআরের এক কর্মকর্তা জানিয়েছেন। এক সপ্তাহ আগে শিবগঞ্জ সীমান্তে দুই বিডিআর সদস্যকে গুলি চালিয়ে হত্যা করে বিএসএফ। তার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান সাংবাদিকদের বলেন, "সকাল সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত দুই পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়।" গোলাগুলির কারণ ও এতে হতাহতের বিষয়ে জানতে চাইলে কিছু জানাতে রাজি হননি ওই বিডিআর কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিডিআর কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাকপাড়া সীমান্তে বিএসএফ সদস্যরা এক জন চোরাচালানিকে ধাওয়া করতে করতে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। তখন বিডিআর সদস্যরা সতর্ক করতে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বিএসএফও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর চাকপাড়া সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কাছের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। চৌকা সীমান্তের পিরোজপুর গ্রাম ঘুরে দেখা যায়, স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা কাজ করছে। কৃষক হোসেন আলী (৫০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদককে বলেন, "পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে আছি। বিএসএফ যে কোনও সময় হামলা চালালে এ গ্রামের মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। বাড়ি-ঘর ছেড়ে জিনিসপত্র গরু-ছাগল নিয়ে কোথাও যাওয়ার উপায়ও নেই।" একই গ্রামের আনোয়ার হোসেন (৪০) জানান, প্রায় পৌনে এক ঘণ্টা ধরে বিডিআর ও বিএসএফ গোলাগুলির শব্দ তারা শুনেছেন। এরপর থেকেই তারা আতঙ্কে আছেন। তবে সীমান্তে বাংলাদেশী রক্ষীরা সতর্ক অবস্থায় রয়েছে বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটিডের উপ-ব্যবস্থাপক বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালের ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। তাই সকাল থেকে সব কার্যক্রম বন্ধ রয়েছে।" পণ্য খালাসের জন্য সোনামসজিদ স্থল বন্দর ও ভারতের মোহদীপুর সীমান্তে পণ্যবাহী প্রচুর ট্রাক আটকা পড়ে আছে। সোনা মসজিদ থেকে ৩ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ীতে সোনা মসজিদ বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক বাংলাদেশী গাড়ি। কয়লাবাড়ী থেকে বাংলাদেশের কোনও গাড়ি যেন বন্দরের দিকে না যায় সে জন্য বন্দর এলাকায় ট্রাক শ্রমিকদের পক্ষ থেকে মাইকিং করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮০৪ ঘ.