ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি সমুদ্র গুপ্তের (আব্দুল মান্নান) মরদেহ সোমবার দুপুরে ভারত থেকে দেশে আনা হয়েছে। মঙ্গলবার জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার সকালে ভারতের ব্যাঙ্গালোরে নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে মারা যান সমুদ্র গুপ্ত। ৬২ বছর বয়সী কবি যকৃতের ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ৩ জুলাই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল।
জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১১টার দিকে সমুদ্র গুপ্তের মরদেহ বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে বিকেল সাড়ে তিনটার পর কবির মরদেহ তার কলাবাগানের বাসায় আনা হয়। এরপর নেওয়া হয় বারডেম হাসপাতালের হিমঘরে।
বারডেমের ওয়ার্ড মাস্টার মো. ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোয়া ৪টার দিকে মরদেহ বারডেমের হিমাগারে পৌঁছে।
মুহাম্মদ সামাদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সমুদ্র গুপ্তের মরদেহ বারডেম থেকে শাহবাগের আজিজ সুপার মার্কেটে এবং ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে কবির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সমুদ্র গুপ্তের জন্ম ১৯৪৬ সালে ২৩ জুন, সিরাজগঞ্জের রায়গঞ্জের হাসিল গ্রামে। ষাটের দশকের মাঝামাঝি সময়ে কবিতা, গল্প, প্রবন্ধ, ও পত্রিকায় কলাম লিখতে শুরু করেন তিনি। গত মে মাসে গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তার লেখনী সচল ছিল।
তার লেখা বইয়ের মধ্যে 'রোদ ঝলসানো মুখ', 'স্বপ্নমঙ্গল কাব্য', 'এখনো উত্থান আছে', 'চোখে চোখ রেখে', 'বাংলাদেশে বঙ্কিমচন্দ্র' (যৌথ সম্পাদনা) অন্যতম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/১৯২৭ ঘ.
bdnews24