ময়মনসিংহ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসএফের গুলিতে দুজন বিডিআর সদস্য নিহত হওয়ার চার দিনের মাথায় ভারতের বনরক্ষীদের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুরা সীমান্তে সোমবার সকালে ভারতের বনরক্ষীদের গুলিতে হযরত আলী নামে এক বাংলাদেশী আহত হয় বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ।
গুলিবিদ্ধ হযরত আলীকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়; পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, "গোবরাকুরা গ্রামের হযরত আলী সকাল ৬টার দিকে সীমান্ত এলাকার ১১২৬ নং পিলারের কাছে গাছ কাটতে গেলে ভারতের বনরক্ষীরা তাকে লক্ষ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় আলী।"
এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে ওসি জানান।
গত বৃহস্পতিবার মধ্য রাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই জন বিডিআর সদস্য নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৪৪৬ ঘ.
bdnews24