২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা 'টানা পার্টি'র সদস্য হিসেবে পরিচিত। ছিনতাইয়ের পর দ্রুতগামী সিএনজি অটো রিকশা নিয়ে দ্রুততার সঙ্গে তারা পালিয়ে যায় বলেই তাদের এই নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা 'টানা পার্টি'র সদস্য হিসেবে পরিচিত। ছিনতাইয়ের পর দ্রুতগামী সিএনজি অটো রিকশা নিয়ে দ্রুততার সঙ্গে তারা পালিয়ে যায় বলেই তাদের এই নাম। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. আফসার (২৯), ইমন হোসেন (২৫), কাদের (২৯), মো. নাদিম (২৩), কামাল উদ্দিন (৩০) ও জসিম উদ্দিন (২৮)। অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী কমিশনার বাবুল আখতার জানান, তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, দুটি আগ্নেয়াস্ত্র, একটি চাপাতি এবং চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়। বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টানা পার্টির সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে প্রতিদিন তিন পালা করে ছিনতাই করতো। দূর পাল্লার বাস স্ট্যান্ড ও নির্জন এলাকাগুলোতেই তাদের তৎপরতা বেশি ছিল। যাত্রী বা পথচারীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়ে দ্রুতই তারা সিএনজি অটো রিকশা বা মোটর সাইকেল যোগে পালিয়ে যেতো।" তিনি আরও জানান, 'টানা পার্টি'র দলে মোটর মেকানিক ও অভিজ্ঞ চালকও রয়েছে। পুলিশ কর্মকর্তা বাবুল আখতার বলেন, "রোববার সকালে টানা পার্টির দলনেতা আফসারকে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে একটি একনলা বন্দুক ও এলজিসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।" তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এদিকে আফসারের দেওয়া তথ্যে নগরীর পাহাড়তলী এলাকা থেকে দুটি দেশীয় একনলা বন্দুকসহ এক ব্যবসায়ী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- হাজী ফয়েজ আহম্মেদ (৫২) এবং তার ছেলে মাইনুদ্দিন (২৬)। পুলিশ কর্মকর্তা বাবুল আখতার জানান, ব্যবসায়ী ফয়েজ উদ্দিন টানা পার্টির সদস্য আফসারের কাছ থেকে এ দুটি অস্ত্র কিনেছেন এমন তথ্যের ভিত্তিতে তাদের সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৩৫ ঘ.