চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিংয়ের পাঠানটুলী এলাকা থেকে প্রায় ২৮ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া জসীম উদ্দিন আহমদের (৩৫) বাড়ি রাউজান উপজেলার পূর্ব গুজরা গ্রামে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে পাঠানটুলী এলাকার নাজিরপুলের নিজ বাসা থেকে মধ্যপ্রাচ্য প্রবাসী জসীমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ২৮ লাখ টাকা মূল্যমানের সৌদি রিয়াল, কুয়েতি দিনারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুদ্রা আটক করা হয়।
তিনি জানান, জসীম দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসা চালাচ্ছিল তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএনডি/২১০৭ ঘ.
bdnews24