ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বিডিআরের দুই সদস্যকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ একে 'মারাত্মক ঘটনা' হিসেবে অভিহিত করেছে। ঘটনার পুরো বিবরণ পাওয়ার পর নয়াদিল্লির কাছে প্রতিবাদ জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে চাপাই নবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যদের গুলিতে হাবিলদার আব্দুল হান্নান সরকার (৫৫) ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহা (২৮) এ দুই বিডিআর সদস্য নিহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, 'আমরা একে মারাত্মক একটি ঘটনা হিসেবে বিবেচনা করছি। বিএসএফ এর হাতে বিডিআর এর দুই জওয়ানকে হত্যার ঘটনার নিন্দা জানাচ্ছি।'
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "আমরা এটাকে মারাত্মক ঘটনা বলে মনে করছি। ঘটনার পুরো প্রতিবেদনের অপেক্ষায় আছি। বিস্তারিত জানার পর আমরা যথাযথ প্রতিক্রিয়া জানাব।"
তিনি বলেন, "এই মহূর্তে বীর দুই বাংলাদেশীর আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। তাদের পরিবারের সদস্যদের প্রতি সান্ত্বনা জানাচ্ছি।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।
এ ঘটনা দুই দেশের সচিব পর্যায়ের চলমান আলোচনায় প্রভাব ফেলবে কীনা এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ মুহূর্তে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।"
নয়া দিল্লিতে ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলার সময় বিএসএফ দুই বিডিআর সদস্যকে হত্যা করল। বৃহস্পতিবার শুরু হওয়া দু'দিনব্যাপী এ বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন সমস্যা নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছে।
চাঁপাইনবাবগঞ্জে বিডিআরের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মো. নেয়ামত উল্লাহ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিএসএফ এর একদল জওয়ান দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূ-খণ্ডের ১৩শ' গজ ভেতরে ঢুকে পড়ে। বিডিআর চ্যালেঞ্জ জানালে তারা বেপরোয়া গুলি চালায়।"
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রঘুনাথপুর গ্রামের লোকজন বিএসএফের অনুপ্রবেশের খবর বিডিআরকে জানালে হাবিলদার আব্দুল হান্নান সরকার টহলদল নিয়ে ঘটনাস্থলে যান। চ্যালেঞ্জের পর বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নান সরকার ও কৃষ্ণপদ সাহা মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/এসকে/২১১০ঘ.
bdnews24