২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা লাঞ্ছিত করার প্রতিবাদে বিভিন্ন স্থানে সমাবেশ-মানববন্ধন

মুক্তিযোদ্ধা লাঞ্ছনাকারী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবারও প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা লাঞ্ছনাকারী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবারও প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ শহরের শহীদ সাটু হলে প্রতিবাদ সমাবেশ এবং এর পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধা শেখ মো. আলী আমানকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিসহ ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একইসঙ্গে তারা জামায়াত শিবিরে রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের তালিকা প্রস্তুত, নির্বাচনে যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. আলাউদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক পৌর চেয়ারম্যান মো. মঈনুদ্দীন মণ্ডল, মুক্তিযোদ্ধা সদর ইউনিটের কমান্ডার মো. একরামুল হক, ভোলাহাট উপজেলার মো. মুনির উদ্দীন, শিবগঞ্জের আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আব্দুল আজিজ, অধ্যক্ষ এনামুল হক ফিটু। সিলেট প্রতিনিধি জানান, নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা যুব কমান্ড। দুপুর ১টা থেকে শুরু হয়ে এই মানববন্ধন আধঘন্টা স্থায়ী হয়। এ সময় যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযোদ্ধা লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যানার ও পোষ্টার বহন করে অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য ইনামুল হক চৌধুরী বীর প্রতীক, সাবেক সংসদ সদস্য আশরাফ আলী, মুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি আব্দুস শহীদ প্রমুখ। বরগুনা প্রতিনিধি জানান, বিকেলে বরগুনা প্রেসক্লাবের সামনে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন মনোয়ার, কমরেড আবদুল হালিম, সামসুদ্দিন শানু, ডা. নূর উদ্দিন আহম্মেদ, হারুনুর রশিদ সিকদার প্রমূখ। দিনাজপুর প্রতিনিধি জানান, মুক্তিযোদ্ধা লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার মোকসেদ আলী মঙ্গলীয়া এক লিখিত বক্তব্যে এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর মেয়র মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, মুক্তিযোদ্ধা এম এ জলিল, এ কে এম আজাদ, সফিকুল হক মাস্টারসহ অর্ধশত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের নেতারা। গত ১১ জুলাই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াত ইসলামীর মদদপুষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের এক প্রতিনিধি সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ায় টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা মো. আলী আমানকে টেনে-হিঁচড়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয় আয়োজকরা। আয়োজকদের একজন তাকে লাথিও মারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০০ ঘ.