চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্রকোদালকাটি গ্রাম থেকে বুধবার রাতে দুই কেজি হেরোইন উদ্ধার করেছেন বিডিআর।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর সৈয়দ আবু হাসান জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ি উপজেলার পূর্ব কোদালকাটি গ্রামে বিডিআরের একটি দল টহল দিচ্ছিল।
তিনি জানান, কয়েক ব্যক্তিকে সীমান্ত পার হয়ে আসতে দেখে বিডিআর সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২০টি প্যাকেটে প্রায় দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়।
বিডিআর কর্মকর্তা জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24