চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে বাঁশবাড়িয়ায় সোনাপুরগামী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম যাচ্ছিল।
তিনি জানান, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
বাস ও কার্ভাড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে বলে পরিদর্শক মালেক জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল হক জানান, আহতদের হাসপাতালে আনার পর দুজনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/১৬৪০ ঘ.
bdnews24