ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নীতিগত অনুমোদনের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, জনগণের কল্যাণে নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার আনার জন্য সরকার কাজ করছে।
রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার নোবেল শান্তি পুরস্কারের প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "গত দেড় বছরে তত্ত্বাবধায়ক সরকার বেশ কিছু সমস্যা মোকাবেলার সর্বাত্মক চেষ্টা করেছে। দুর্নীতি প্রতিরোধ এর মধ্যে অন্যতম।"
তিনি বলেন, "দেশের আর্থ-সামজিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে আমরা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও নির্বাচনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার করছি।"
নরওয়ের নোবেল শান্তি কেন্দ্র, ঢাকার নরওয়ে দূতাবাস ও গ্রামীণ ব্যাংকের যৌথ উদ্যোগে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। এতে ২০০৬ সালে শান্তিতে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ঘটনাবলি তুলে ধরা হয়েছে।
ক্ষুদ্রঋণের মাধ্যমে মুহাম্মদ ইউনূস দারিদ্র্যের হার কমিয়েছেন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ৮০ ভাগ বাংলাদেশী পরিবার ক্ষুদ্রঋণের সংস্পর্শে এসেছে। এতে আমাদের অর্থনীতিতে একটি স্থায়ী ছাপ পড়েছে।
শিগগিরই দেশের সব পরিবার ক্ষুদ্রঋণ সহায়তা পাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, ১৯৭০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৭৪ শতাংশ। ২০০৫ সালে তা কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস বলেন, নোবেল পুরস্কার বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, "লক্ষ্য পরিবর্তনের ক্ষমতা আমরা আবিষ্কার করেছি।"
নোবেল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ওলে ড্যানবোল্ট মিয়স বলেন, "এই প্রদর্শনী বাংলাদেশ ও বিশ্বকে দারিদ্র্য থেকে মুক্ত হওয়ার ধারণা দেবে।"
ইউনূসকে তিনি 'অর্ধেক নরওয়েজিয়ান' এবং বাংলাদেশকে তার দ্বিতীয় দেশ বলে অভিহিত করেন।
নরওয়ে শান্তি কেন্দ্র প্রতিবছর পদকজয়ীদের দেশে শান্তি প্রদর্শনী করে। এরই অংশ হিসেবে ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের দেশে এ প্রদশর্নী হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেল শান্তি কেন্দ্রের পরিচালক বেনটে এরিকসন, ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবিয়োর্গ স্টফরিং প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এনএনডি/জিএনএ/১৬১৬ ঘ.
bdnews24