চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ মসজিদ গলির একটি বাড়ি থেকে মঙ্গলবার মধ্যরাতে ২০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম আটক করেছে র্যাব।
তবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) মাধ্যমে বিদেশে কল করার এ অবৈধ ব্যবসায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত পৌনে ১টায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব নাসিরাবাদ মসজিদ গলির জনৈক নূরুল আলমের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে এ সব সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।"
তিনি বলেন, "ওই বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কয়েকজন যুবক অবৈধ এ ব্যবসা চালিয়ে আসছিল। তাদের ধরতে অভিযান চলছে।"
র্যাব জানান, আটক সরঞ্জামের মধ্যে রয়েছে কোয়ান্টাম সাতটি, টেলুলার ৭০টি, সিপিইউ দুটি, মনিটর তিনটি, ব্যাটারি ও আইপিএস এবং দুই বস্তা অন্যান্য সরঞ্জাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯১৩ ঘ.
bdnews24