রংপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি করে নয়, বরং উৎপাদন বাড়িয়ে খাদ্য সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। এজন্য কৃষকদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ধান চাষের পাশাপাশি মাছ চাষ এবং ফলদ বৃক্ষ রোপণের ওপরও জোর দিয়েছেন জেনারেল মইন।
বুধবার রংপুর সদর উপজেলার মহেশপুরে এক কৃষক ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন সেনাপ্রধান। সেখানে তিনি ব্রি-৩৩ ধানের চারা রোপণ করেন। তিস্তার ক্যানেলে মাছের পোনাও ছাড়ার পাশাপাশি মাছের নিলামে মাছ বিক্রির কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।
এছাড়াও সেনাপ্রধান তিস্তার ক্যানেলে মাছ চাষের কার্যক্রমে সহায়তাকারীদের মধ্যে লভ্যাংশের চেক এবং কৃষকদের মধ্যে গুটি ইউরিয়া সার বিতরণ করেন।
কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল মইন উ আহমেদ বলেন, "বিদেশ থেকে চাল আমদানি করলে প্রতি কেজি চালের দাম পড়ে ৭০ টাকা। এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হওয়ার কারণে বাজারে চাল ৩৪ টাকায় নেমে এসেছে। এ জন্য দেশেই খাদ্য উৎপাদন বাড়িয়ে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে।"
উত্তরাঞ্চলে মঙ্গা নিরসনে ব্রি-৩৩ ধার চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "রংপুর অঞ্চলে আশ্বিন-কার্তিক মাসে মানুষের হাতে কাজ থাকে না। সেজন্য মঙ্গা নিরসনে উদ্ভাবিত ব্রি-৩৩ জাতের ধান এই এলাকার কৃষকদের বেশি করে চাষ করতে হবে। এতে একই সঙ্গে মানুষ কাজ পাবে এবং মঙ্গা সমস্যাও কেটে যাবে।"
মাছ চাষকে উৎসাহিত করে সেনাপ্রধান বলেন, "রংপুর জেলার জলাশয়গুলো ও তিস্তা নদীর যে বিশাল ক্যানেল রয়েছে, সেগুলোতে মাছ চাষ করলে এই অঞ্চলের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে।"
জেনারেল মইন বৃক্ষরোপণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বেশি করে গাছ লাগান। জাতীয় ফল কাঁঠাল সবচেয়ে কম সময়ে ফলবান হয়। তাই আপনারা কাঁঠাল গাছ লাগান। এর পাশাপাশি অন্য ফলদ গাছও লাগান।"
সমাবেশে মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহাম্মেদ রুমী, ৭২ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমানসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সেনাপ্রধান নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর যুদ্ধের মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24