ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনে সীমান্ত এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে মঙ্গলবার সকালে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন, আফিম ও ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলবাড়ী স্টেশনে খুলনা থেকে পার্বতীপুরগামী সীমান্ত এক্সপ্রেস মেইল ট্রেন এর একটি বগির শেলফ থেকে দু'টি প্যাকেটে থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।
দিনাজপুরের ৪০ রাইফেলস ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর জাহেদী হাবিব জানান, সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি প্রথম শ্রেণীর বগি তল্লাশি করে কাপড়ের ব্যাগে থাকা দুটি প্যাকেটে এক কেজি পরিমাণ হেরোইনের মত দেখতে কিছু দ্রব্য উদ্ধার করা হয়।
দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করে এগুলো হেরোইন বলে সনাক্ত করা হয়েছে।
তিনি জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ফুলবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
এর আগে গত ১২ জুলাই রাত ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে খুলনা মেইল ট্রেন এর বগি থেকে পাঁচশ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, মাদকসহ গ্রেপ্তারকৃত হল- ডবলমুরিং থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আনিছুর রহমান, তার সহযোগী দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. খোরশেদ, মাদক ব্যবসায়ী আবুল হোসেন এবং চট্টগ্রাম শুল্ক বিভাগের অবসরপ্রাপ্ত পরিদর্শক নুর মোহাম্মদ।
সোমবার রাতে এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযানে পুলিশ এদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন, ভাঙ্গা পাইপগান, ৩০ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম আফিম, দুই পুরিয়া গাঁজা, ২ বোতল দেশি মদ, দুটি চাপাতি এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে কামাল গেইট এলাকার মুন্সী মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে আনিছ, খোরশেদ ও আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এখান থেকে ভাঙ্গা পাইপ গান ও ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এরপর গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে পূর্ব মাদারবাড়ির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অবসরপ্রাপ্ত শুল্ক কর্মকর্তা নুর মোহাম্মদকে। এখান থেকে উদ্ধার করা হয় মদ, ফেনসিডিল, আফিম, চাপাতি ও ছুরি।
ওসি বলেন, "নুর মোহাম্মদের ছেলে জ্যোতি গ্রেপ্তারকৃত আনিছ, খোরশেদ ও আবুল হোসেনের সহায়তায় ওই এলাকায় মাদক ব্যবসা করত।"
এ ব্যাপারে পৃথক তিনটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24