ঢাকা, জুলাই, ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জরুরি অবস্থা জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি অব্যাহত রয়েছে। বুধবার দুপুর দু'টায় আবার এ শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ দ্বিতীয় দিনের মতো রিটটির ওপর শুনানি গ্রহণ করে।
মঙ্গলবারের শুনানিতে রিটকারীদের কৌসুলী এম আই ফারুকী বলেন, "জরুরি অবস্থা ঘোষণার পূর্বশর্ত হলো অভ্যন্তরীণ গোলযোগের কারণে এমন অবস্থা বিরাজ করা যাতে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন হুমকির সম্মুখীন। কিন্তু জরুরি অবস্থা ঘোষণার আগে দেশে এই অবস্থা বিরাজমান ছিল না।"
তিনি শুনানিতে আরও বলেন, রাজনৈতিক দলের মধ্যে সংঘাত ও সংঘর্ষ হলে তা দেশের অভ্যন্তরীণ গোলযোগ হিসেবে বিবেচিত হতে পারে না। তাছাড়া তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্বাভাবিকভাবে এ ধরণের পরিস্থিতি বিরাজ করতে পারে। জরুরি অবস্থা জারির জন্য এ অবস্থা কোন শর্ত হতে পারে না।
আদালত তার কাছে এই ধরণের বিষয় পরীক্ষা করার এখতিয়ার আদালতের রয়েছে কিনা তা জানতে চান।
এম আই ফারুকী ব্রিটেন, ভারত ও পাকিস্তানের উচ্চ আদালতের বিভিন্ন মামলার নজির আদালতে উপস্থাপন করে বলেন রাষ্ট্রপতি কেন জরুরি অবস্থা জারির জন্য সন্তুষ্ট হলেন তা পরীক্ষা করার এখতিয়ার আদালতের রয়েছে।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাঈমা হায়দার বলেন, সরকার পক্ষ বুধবার রিটটির ওপর শুনানি করতে চায়।
আদালত বুধবার দুপুর দু'টায় এ শুনানি আবার অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন।
গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ, মহসিন রশিদ, নাহিদ সুলতানা যুঁথি ও আবদুল মান্নান খান রিটটি দায়ের করেছিলেন।
রিটে ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার আদেশ, সংবিধানের তৃতীয় অধ্যায়ের মৌলিক অধিকার স্থগিতের আদেশ, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ও বিধিমালা জারির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৫৬ঘ.
bdnews24