ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রোববার গভীর রাতে রাজধানীর পল্লবীতে এক স্থপতির বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা পৌনে ৮ লাখ টাকার মাল লুট করেছে বলে গৃহকর্তার অভিযোগ।
ডাকাতির শিকার স্থপতি রাকিবুল হাসান বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেছেন।
পল্লবী থানার উপ-পরিদর্শক সুমন হাসান জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে ৮/১০ জন ডাকাত পল্লবীর মেহেদীবাগে রাকিবুল হাসানের বাসায় হানা দেয়। তিনি জানান, সংঘবদ্ধ ডাকাতরা দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঢোকে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরিবারের সদস্যদের একটি কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা শো-কেস ও আলমারি ভেঙে বিদেশি মুদ্রা, হীরা ও সোনার গয়না, ৬টি মোবাইল ফোন সেট ও নগদ ৭২ হাজার টাকাসহ মোট সাত লাখ৭৪ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১১১ঘ.
bdnews24