২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্তৃতা নয়, যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মাঠে নামুন

মুক্তিযোদ্ধা লাঞ্ছণার প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে স্বাধীনতাবিরোধীদের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার সামনে ওই সমাবেশে তারা যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ এবং কাদের মোল্লার প্রতীকী ফাঁসিও দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা লাঞ্ছণার প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে স্বাধীনতাবিরোধীদের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার সামনে ওই সমাবেশে তারা যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ এবং কাদের মোল্লার প্রতীকী ফাঁসিও দেয়। একজন মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জামায়াতে ইসলামী সমর্থিত 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' নামে এক সংগঠন আয়োজিত 'মুক্তিযোদ্ধা সম্মেলনে' যুদ্ধাপরাধীদের বিচার দাবি করলে একজন মুক্তিযোদ্ধাকে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা অপমান করে। সোমবার সকালে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীরা রাজাকার এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্লোগান দেয়। মুক্তিযোদ্ধার অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করে। বিক্ষোভ সমাবেশে প্রথমে শুধুমাত্র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা এসে একাত্মতা ঘোষণা করেন। সমাবেশে ১১ নম্বর সেক্টরের সাব কমান্ডার মেজর কামরুল হাসান ভুঁইয়া বলেন, "এ প্রজন্ম যদি কিছু করতে না পারে তাহলে স্বপ্ন দেখার সব পথ রুদ্ধ হয়ে যাবে।..এ ঘটনার পর এখন আর বক্তৃতার সময় নেই। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সকলকে মাঠে নামতে হবে।" বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান বলেন, "এ ঘটনার পরও জরুরি অবস্থার কারণে আমরা নীরব থাকতে পারিনা। এবার আমাদের সরব হতে হবে। " মিলি রহমান জানান, মুক্তিযোদ্ধাকে অপমান করার ঘটনা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মঙ্গলবার মতিউর রহমান ফাউণ্ডেশনের পক্ষ থেকে তারা মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে জমায়েত হবেন। সেখান থেকে তারা তাদের দাবির সমর্থনে রাজপথে নেমে আসবেন। অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, "২০০৭ সালের আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলো ফুটেজ দেখে শিক্ষার্থীদের আটক করেছে। কিন্তু এখন ফুটেজ থাকা সত্ত্বেও তারা রাজাকারদের আটক করছে না।" ড. আনোয়ার হোসেন অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করেন। জীবিত মুক্তিযোদ্ধার লাঞ্ছণা মৃত মুক্তিযোদ্ধাদের গায়েও লেগেছে এ মন্তব্য করে অধ্যাপক জিনাত হুদা বলেন, "এ ঘটনার বিচার না হলে আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানরা সংগঠিত প্রতিবাদে নামবো।" যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নামে সংগঠনটি গঠন করা হয়েছে বলে অভিমত প্রকাশ করেন ১১ নম্বর সেক্টরের সাব কমান্ডার শফিকউল্লাহ। তিনি বলেন, "শুধু মুক্তিযোদ্ধা মো. আলীকেই নয়, দেশ, জাতি ও সংবিধানকেও অপমান করা হয়েছে।" সমাবেশে প্রত্যক্ষদর্শী ইটিভির সাংবাদিক সাজেদ রোমেল, শুক্রবার তাকে ও ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছণার ঘটনা বর্ণনা করেন। প্রতিবাদ সমাবেশে শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশীদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রভাষক নাদির জুনায়েদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেন, সহযোগী অধ্যাপক জিনাত হুদা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক তানজিমউদ্দিন খান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নম্বর সেক্টরের সাব কমান্ডার মেজর কামরুল হাসান ভুঁইয়া, সাব কমান্ডার শফিকউল্লাহ , মেজর (অব:) জয়নাল আবেদীন বীরপ্রতীক, মেজর (অব:) আলী আশরাফ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সোহেল রানা টিপু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৭৪৫ঘ.