২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জরুরি অবস্থা জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রোববার দায়ের করা একটি রিটের ওপর সোমবার শুনানি হয়েছে। মঙ্গলবার এর ওপর আবার শুনানি হবে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ, মহসিন রশিদ, নাহিদ সুলতানা যুথি ও আব্দুল মান্নান খান বিচারপতি খালেদমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদ এর বেঞ্চে রিটটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রোববার দায়ের করা একটি রিটের ওপর সোমবার শুনানি হয়েছে। মঙ্গলবার এর ওপর আবার শুনানি হবে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ, মহসিন রশিদ, নাহিদ সুলতানা যুথি ও আব্দুল মান্নান খান বিচারপতি খালেদমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদ এর বেঞ্চে রিটটি দায়ের করেন। সোমবার রিটটির ওপর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। শুনানিতে রিটকারীদের আইনজীবী এম আই ফারুকী বলেন, "সংবিধানের ১৪১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এ ক্ষমতা নিরঙ্কুশ নয়। আভ্যন্তরীণ গোলযোগ, বহিঃশত্র"র আক্রমণ, রাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন হুমকির সম্মুখীন হয়েছে- এসব ক্ষেত্রে রাষ্ট্রপতিকে বস্তুনিষ্ঠভাবে সন্তুষ্ট হতে হবে। এসবক্ষেত্রেই কেবল রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন।" এম আই ফারুকী আরো বলেন, গত বছরের ১১ জানুয়ারি যে ঘোষণার দ্বারা জরুরি অবস্থা জারি করা হয়েছে তার মধ্যে এ ধরনের বস্তুনিষ্ঠ সন্তুষ্টির কোন লক্ষণ নেই। এ ছাড়া সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার রাষ্ট্রপতি যেভাবে স্থগিত করেছেন তাও সংবিধান সম্মত নয়। কারণ জরুরি অবস্থা ঘোষণার দুটি আদেশে কোন কোন মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে তার সুর্নির্দিষ্ট উল্লেখ নেই। সরকারপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজা বেগম সময় চেয়ে আবেদন করলে মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৬২২ ঘ.