২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র শাটল ট্রেনের সময়সূচি পুর্ননির্ধারণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের 'ট্রিপ' বাড়ানো হয়েছে। এছাড়া ট্রেন আসা-যাওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের 'ট্রিপ' বাড়ানো হয়েছে। এছাড়া ট্রেন আসা-যাওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী দুইটি শাটল ট্রেন প্রতিদিন ছয়বারের বদলে সাতবার করে শহর ও ক্যাম্পাসের মধ্যে যাওয়া আসা করবে। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে এ সময়সূচি কার্যকর হবে। নতুন নিয়ম অনুসারে চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখে দুটি শাটল ট্রেন পাঁচবার যাবে। এ পাঁচবারের সময়সূচি হল- সকাল ৭টা, পৌনে ৮টা, দুপুর ২টা ২০ মিনিট, ৩টা ২০ মিনিট ও রাত সাড়ে ৮টা। এছাড়া শহরের ষোলশহর স্টেশন থেকে দুটি ট্রেন বিশ্ববিদ্যালয়ে যাবে দুবার। এ দুবারের সময়সূচি হল- প্রতিদিন সকাল ৯টা ২০ মিনিট ও সকাল ১০টা ১০ মিনিটে। বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে চট্টগ্রাম শহর অভিমুখে ট্রেন ছাড়বে সকাল সোয়া ৮টা, ৯টা ৫ মিনিট, দুপুর ১টা, দুপুর ২টা, বিকাল সাড়ে ৩টা, ৫টা ২০ মিনিট ও রাত সাড়ে ৯টায়। চবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রতিটি ট্রেনেই বগির সংখ্যা বাড়ানো এবং কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। তিনি জানান, শাটল ট্রেনের বগির ভেতরে-বাইরে দেয়ালে লেখা (চিকা মারা) ও পোস্টার লাগানো, ট্রেনের ছাদে ও বগির মধ্যবর্তী স্থানে বসা বা দাঁড়ানো, সিট দখল নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/কিউএইচ/এমএসবি/২১০২ ঘ.