ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শাহীন আরার দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক পরোয়ানা জারির এ আদেশ দেন।
১৫ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখও দেন বিচারক। রেদোয়ান আহমেদ কারাগারে থাকায় ওই তারিখে তাকে আদালতে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
রেদোয়ান দম্পতির বিরুদ্ধে গত বছরের ১৯ ডিসেম্বর রমনা থানায় মামলাটি করা হয়েছিল।
মামলার অভিযোগপত্রে বলা হয়, রেদোয়ান দম্পতি জ্ঞত আয় বহির্ভূত প্রায় ৪ কোটি ৫ লাখ টাকার সম্পদ অর্জন এবং ১২ কোটি ১০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৮৫১ ঘ.
bdnews24