২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকা ডুবে পাঁচজন নিহত, নিখোঁজ ২

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মঙ্গলবার বিকেলে নৌকা ডুবে পাঁচ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে দুই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

সিলেট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মঙ্গলবার বিকেলে নৌকা ডুবে পাঁচ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে দুই শিশু। নিহতরা হল- শিখা রানী বর্মন (৩), শিল্পী রানী বর্মন (২৮), শরৎ চন্দ্র বর্মন (৬), ফেরদৌস আরা (১) ও অন্তু মিয়া (৭)। এদের সবার বাড়ি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামে। স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামালগঞ্জ উপজেলার আলীপুর থেকে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা প্রায় ১৫/১৬ জন যাত্রী নিয়ে পাশ্ববর্তী দিরাই উপজেলার বাংলাবাজার যাচ্ছিল। বিকেল ৫টার দিকে জামালগঞ্জ উপজেলার কান্দরপুর গ্রামের পাশ্ববর্তী পাকনার হাওরে আসার পর হঠাৎ দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও অনেকেই পানিতে তলিয়ে যায়। পরে পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত দুই শিশু নিখোঁজ রয়েছে। ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু জানান, এলাকাবাসী পাঁচজনের লাশ উদ্ধার করেছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সাহায্যে পাঁচজনের লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০৮ ঘ.