নোয়াখালী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচন ঠেকানোর হুমকিদাতারা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্মস (ইউপিআর) সমন্বয়ক আ স ম আবদুর রব।
তিনি বলেন, "যারা স্থানীয় সরকার নির্বাচন ঠেকানোর হুমকি দেয় তারা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একাত্তরের রাজাকারদের মত জাতি নির্বাচনী হাওয়ায় তাদের উড়িয়ে দেবে।"
সোমবার নোয়াখালী পৌর মিলনায়তনে জেলা জাসদের কাউন্সিলে প্রধান অথিতির বক্তব্যে রব এ কথা বলেন।
তিনি বলেন, "যারা ক্ষমতায় থেকে জনগণের সম্পদ লুট করেছে তাদের ক্ষমা করার অধিকার সরকারের নেই।"
আসম রব বলেন, "গত ৩৭ বছরে বহুবার প্রমাণিত হয়েছে এককেন্দ্রিক রাষ্ট্রের একক ক্ষমতা ১৫ কোটি মানুষের সেবা নিশ্চিত করতে পারে না। তাই এখন কাঠামোগত পরিবর্তনের সময় এসেছে।"
জেলা জাসদের কার্যকরী সভাপতি আবু ছায়েদ চেয়ারম্যানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক মো. শফিক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সহ-সভাপতি নুরুল আমিন ভুঁঞা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট কাউছার নিয়াজী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24