২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে তিস্তাপাড়ের পাঁচ হাজার পরিবার পানিবন্দি

তিস্তার পানি বেড়ে যাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার ১২টি চরের কমপক্ষে পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তা ব্যারাজের ভাটিতে ডানতীর রক্ষা বাঁধের চারটি মাটির ক্রসবারে ভাঙন শুরু হয়েছে। প্লাবিত এলাকার লোকজন বাঁধে আশ্রয় নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 06:03 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

নীলফামারী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বেড়ে যাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার ১২টি চরের কমপক্ষে পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তা ব্যারাজের ভাটিতে ডানতীর রক্ষা বাঁধের চারটি মাটির ক্রসবারে ভাঙন শুরু হয়েছে। প্লাবিত এলাকার লোকজন বাঁধে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, শনিবার রাত ১২টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়তে শুরু করে। রোববার দুপুর ১২টা পর্যন্ত বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। রাত ৮টায় পানি বইছিল বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে। তিনি জানান, ব্যারাজের ভাটিতে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের পুর্ব বাইশপুকুর, বাইশপুকুর, সতীঘাট, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা, ভেণ্ডাবাড়ি ব্যারাজের উজানে পুর্ব সাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেস্বর, পুর্ব সাতনাই খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামতের চর, দোহলপাড়া, টেপাখড়িবাড়ি ইউনিয়নের ভাসানীর চর, টাবুর চর এবং খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা চরের কমপক্ষে পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তিনি আরও জানান, জলঢাকার গোলমুণ্ডা ইউনিয়নের হলদিবাড়ি, ডিমলার খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা এলাকায় তিস্তার ডানতীর রক্ষা বাঁধের ৪টি পয়েন্টে মাটির ক্রসবারে ভাঙন শুরু হয়েছে। বাইশপুকুর মাটির ক্রসবারের প্রায় ১০০ মিটার ইতোমধ্যে তিস্তা গর্ভে বিলীন হওয়ায় ওই এলাকার কমপক্ষে ২০০ পরিবারের ঘরবাড়িতে কোমর পানি উঠেছে। বাইশপুকুর চরের রহমত আলী (৩৫) বলেন, "তিস্তা নদীতে পানি বাড়ায় চরের প্রায় ২০০ বাড়িতে হাঁটু পানি উঠেছে। দুপুরে মাচার উপর চুলা উঠিয়ে কোনরকমে রান্না করা হয়েছে। পানি যে হারে বাড়ছে তাতে হয়তো রাত কাটাতে হবে অনাহারে।" ছোটখাতা ইউনিয়নের সুবেদ আলী (৩৫) বলেন, "বানের পানি হুহু করে বাড়ছে। ঘরবাড়ি ফেলে পরিবার পরিজন নিয়ে বাঁধে এসে আমরা ৫০/৬০ পরিবার আশ্রয় নিয়েছি।" ডিমলার পুর্ব সাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ঝাড় সিংহেশ্বর ও পূর্ব সাতনাই চরের কমপক্ষে এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তারা শনিবার রাত থেকে বানের পানিতে আটকা পড়ে দূর্বিসহ জীবনযাপন করছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর মণ্ডল বলেন, "তিস্তায় পানি বেড়ে যাওয়ায় ব্যারাজের উজান ও ভাটিতে ১২টি চরে কমপক্ষে পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫৫ ঘ.