২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার চায় বিএনপির একাংশ

স্থানীয় সরকার নির্বাচন বর্জন ও পৌরসভা নির্বাচনে দলের নেতাদের প্রার্থী না হতে আহ্বান জানিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির কয়েকজন নেতা। তবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন করার ব্যাপারে তারা সিদ্ধান্তে অনড় রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

শরীয়তপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচন বর্জন ও পৌরসভা নির্বাচনে দলের নেতাদের প্রার্থী না হতে আহ্বান জানিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির কয়েকজন নেতা। তবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন করার ব্যাপারে তারা সিদ্ধান্তে অনড় রয়েছেন। রোববার সকাল ১০টায় শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিএনপির ওই নেতারা দলীয় সিদ্ধান্ত মেনে দলের নেতাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, "পৌরসভা নির্বাচনে অংশ নিতে কেউ কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আশা করি দলের সিদ্ধান্ত অনুসারে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।" লিখিত বক্তব্য পড়ে শোনান পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাদবর। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি জহির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ফকির, জেলা যুবদলের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সদর উপজেলা যুবদলের সভাপতি আরিফ হোসেন কাজী মাসুদ প্রমুখ। কেন্দ্রীয়ভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও শরীয়তপুর বিএনপির কয়েকজন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তারা অনানুষ্ঠানিকভাবে প্রচারণাও শুরু করে দিয়েছেন। মেয়র পদে প্রার্থী তালিকায় রয়েছেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুব আলম তালুকদার। এ কে এম নাসির উদ্দিন কালু সাংবাদিকদের বলেন, "বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেয়নি। জনগণ বলেছে- তাই আমি মেয়র প্রার্থী হয়েছি। ১৪ তারিখ থেকে গণসংযোগ শুরু করবো।" অপর প্রার্থী সাবেক ছাত্র দলের সভাপতি মাহবুব আলম তালুকদার বলেন, "আমি বণিক সমিতির সভাপতি হিসাবে ব্যবসায়ীদের সেবা করেছি। এখন পৌরসভার বাসিন্দাদের সেবা করতে মেয়র পদে প্রার্থী হয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.