ফেনী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী ইপিজেড এলাকার মজলিশপুরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ ফয়েজ আহমদ রাসেল (১৭) রোববার সকালে মারা গেছে।
গত ২৩ জুন ভোরে মজলিশপুরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষের সময় নুর বক্স সওদাগর বাড়ির নুরুল হকের ছেলে এবং স্থানীয় আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ফয়েজ আহমদ রাসেল (১৭) বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল।
ওই সময় পেটে, হাতে ও পায়ে তিনটি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় সে। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কয়েকদিন চিকিৎসা চলার পর তাকে স্থানান্তর করা হয় আগ্রাবাদের সাউথ পয়েন্ট হাসপাতালে। ৪/৫ দিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে আনা হয়।
কিছুদিন ধরে বাড়িতেই চিকিৎসা চলছিল রাসেলের। রোববার ভোরে হঠাৎ ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিকরা রাসেলের বাড়িতে গেলে সেখানে কান্নার রোল ওঠে। রাসেলের মা আবেদা খাতুন কান্নাজড়িত কন্ঠে এ ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করেন। এ সময় এলকাবাসী সমবেদনা জানাতে ওই বাড়িতে ভিড় জমায়।
ফেনী থানার উপ-পরিদর্শক (এসআই) দোলন বিশ্বাস বলেন, রাসেল গত কয়েকদিন ধরে বাড়িতে ছিল। সে অনেকটা সুস্থ ছিল। রাতে তার ব্যাথা ওঠে। সকালে মারা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে হয়তো তাকে বাঁচানো যেত।
তিনি জানান, লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে রাসেলের বড় ভাই জাফর আহমদও আহত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24