বান্দারবান, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিনের টানা ভারী বর্ষণে লামা উপজেলার কয়েকটি এলাকায় প্রায় ২০০ বসত ঘর বিধ্বস্ত হয়েছে। বান্দরবান-কেরানীহাট সড়কে পানি কিছুটা কমলেও যানবাহন চলাচল শনিবার বিকেল পর্যন্ত স্বাভাবিক হয়নি।
গত মঙ্গলবার থেকে বান্দরবানে লাগাতার ভারী বৃষ্টিপাত শুরু হয়ে শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার চেয়ারম্যান পাড়া, হাসপাতাল পাড়া, টিটিঅ্যান্ডডিসি পাড়া ও রাজবাড়ি এলাকায় প্রায় ২০০ বসত ঘর বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী বসতিগুলো। অনেক কাঁচাঘর পানিতে ভেসে গেছে।
ভারী বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া ও বড়দুয়ারা এলাকায় প্রধান সড়কে ৪/৫ ফুট পানি উঠে রাস্তা তলিয়ে যাওয়ায় বুধবার থেকে সারাদেশের সঙ্গে বান্দরবানের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পূর্বাণী বাস কাউন্টার ইনচার্জ দুলাল দাশ ও পূরবী বাস কাউন্টার ইনচার্জ মীর হোসেন জানান, বান্দারবান-কেরানীহাট সড়কে শনিবার সকালের দিকে পানি কিছুটা কমেছে। তবে রাস্তায় এখনও দেড়-দুই ফুট পানি রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক আল ফয়সাল বিকাশ জানান, পানি কমলেও যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।
সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি দ্রুত বাড়ছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমা ছুুঁই ছুঁই করছে। বৃষ্টি অব্যাহত থাকলে সাঙ্গু নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাঙ্গু নদীর তীরবর্তী বসতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে, ইতিমধ্যে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি পানিতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে জেলার লামা উপজেলার গজালিয়া রোডের টিটি অ্যান্ড ডিসি এলাকায় 'বজলুর পাহাড়' নামে একটি পাহাড়ের প্রায় ২০০ ফুট জায়গা বিকট শব্দে ২০-৩০ ফুট নিচে দেবে গেছে।
শনিবার জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ, লামা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান খানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় দুজন সাংবাদিক জানান, বজলুর পাহাড় এলাকায় ৮টি পরিবার বাস করত। পাহাড়ের ওই অংশ দেবে যাওয়ায় তাদের বসতিগুলোতেও ফাটল দেখা দিয়েছে। ইতোমধ্যে ৩টি পরিবার স্বেচ্ছায় নিরাপদ স্থানে সরে গেছে। অন্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24