২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন করতে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রয়োজন নেই: এরশাদ

নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

রাজশাহী, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, "পেশী শক্তি মুক্ত নির্বাচন করতে নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রয়োজন নেই। কারণ জরুরি অবস্থা প্রত্যাহার করা হলে দেশ ওয়ান ইলেভেনের আগের অবস্থায় ফিরে যাবে। শুরু হবে সহিংসতা। কিন্তু আমরা কেউ ওয়ান ইলেভেনের আগে ফিরে যেতে চাই না।" শুক্রবার বিকালে রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, "চারদলীয় জোটে যাওয়ার কোনো সম্ভাবনা জাতীয় পার্টির নেই। শেখ হাসিনা মহাজোট ভাঙ্গার কোন ঘোষণা দেননি তাই আমরা এখনও মহাজোটেই আছি। তবে নির্বাচনের আগে জাতীয় পার্টি মহাজোটে থাকবে কি না, সেটা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মহাজোটে না থাকলে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে।" এরশাদ বলেন, আগে নির্বাচনের সময়গুলোতে তাকে বাইরে কোথাও যেতে দেওয়া হয়নি। তবে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করতে এবার সাংগঠনিক সফরে বের হয়েছেন তিনি। জাতীয় পার্টি আসন্ন সব নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে এরশাদ বলেন, "দেশের সব সাধারণ মানুষের মতো আমিও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। আগের কোনো সরকারই এ বিষয়ে উদ্যোগ নেয়নি। এবারও হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।" মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঝন্টু, রাজশাহী মহানগর সভাপতি ও রাজশাহী সিটি মেয়র প্রার্থী দুরুল হুদা, জেলার সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন প্রমুখ। সভা শেষে সন্ধ্যায় তিনি নগরীর গণক পাড়ার দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে যোগ দেন। শনিবার সকালে জাতীয় পার্টির বৃহত্তর রাজশাহী অঞ্চলের প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৫০ ঘ.