বাগেরহাট, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শুক্রবার দুপুরের কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের বাসাবাটি, নাগেরবাজার, স্টেডিয়াম রোড়, মেইনরোড, কাজী নজরুল ইসলাম রোড, রাহাতের মোড়, খারদ্বার, আলীয়া মাদ্রসা রোডসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।
জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন বস্তিবাসীরা। পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকাকে দায়ি করেছেন এলাকাবাসী।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জেল হোসেন জানান, তার থানার ভেতরেই হাঁটু পানি। জোয়ার ও বৃষ্টির পানি রাস্তা থেকে গড়িয়ে থানায় প্রবেশ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান জানান, বাগেরহাট শহরবাসীকে জোয়ারের পানি থেকে রক্ষা করতে শহররক্ষা বাঁধ নির্মাণ করা হলেও জোয়ারের পানি ঢুকছে। এর মধ্যে কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
তিনি আরও জানান, শহররক্ষা বাঁধে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেনগুলো পর্যাপ্ত পরিমাণ চওড়া না হওয়ায় কিছু কিছু এলাকায় অতি বর্ষণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯০৬ ঘ.
bdnews24