২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ ছয় যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ঘোড়াশাল স্টেশনের কাছে শুক্রবার দুপুরে বড়িবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক ও একই পরিবারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

নরসিংদী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ঘোড়াশাল স্টেশনের কাছে শুক্রবার দুপুরে বড়িবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক ও একই পরিবারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- প্রাইভেট কার চালক ইউনুস (২৩), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যকামারগাঁও থেকে হাজী রেজাউল আহমেদের স্ত্রী বেগম রোকেয়া (৪৫) ও তার মেয়ে ইতি (১২), সমরথন বেগম (৪০), জিরিয়া বেগম (৬০) ও সালেহা বেগম (৫০)। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই ছয়জনের মৃত্যু খবর নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় রোকেয়া বেগমের আরেক মেয়ে আছমা (১৫) আহত হয়েছেন। রেল ক্রসিংয়ে গেট এবং কেউ না থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার। তিনি বলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যকামারগাঁও থেকে হাজী রেজাউল আহমেদের স্ত্রী বেগম রোকেয়া (৪৫), তার দুই মেয়ে ও দুই জাকে নিয়ে প্রাইভেট কারে বড় মেয়ের জামাইর বাড়িতে বেড়াতে আসছিলেন। রেল ক্রসিংয়ে গেট বা কেউ না থাকায় প্রাইভেট কার চালক গাড়ি চালাতে থাকেন। এ সময় চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস ঢাকায় যাচ্ছিল। ধাক্কায় দেওয়ার পর ইঞ্জিনের সঙ্গে আটকে যাওয়ায় ট্রেনটি প্রাইভেট কারকে বেশ কিছু দুর নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা জানান, এ সময় কার চালক ইউনুস (২৩), বেগম রোকেয়া (৪৫) ও তার দুই জা ঘটনাস্থলেই নিহত হন। আহত মেয়ে ইতি (১২) ও আছমাকে (১৫) পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মারা যায় ইতি। আহত আছমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেগম রোকেয়ার বড় মেয়ের জামাই পলাশ উপজেলার ভাগ্যেরপাড়া গ্রামের জাকির মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার তিন শাশুড়ি ও দুুই শালী শুক্রবার দুপুরে শ্রীনগর থেকে প্রাইভেট কারে করে আমাদের বাড়ি বেড়াতে আসছিল।" এ ব্যাপারে পলাশ থানায় মামলা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ঢাকা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড়িবাড়িতে রেলওয়ে অনুমোদিত কোন লেভেল ক্রসিং নেই। নরসিংদী জেলা পরিষদ রেলওয়ের অনুমোদন ছাড়াই সেখানে একটি রেল গেট করেছে।" তিনি জানান, রেলক্রসিংটি রেলওয়ের অনুমোদিত নয় বলে সেখানে গাড়ি নিয়ন্ত্রণে রেল কর্তৃপক্ষের কোন গেটম্যানও ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এমএআর/এমএসবি/২১৪৮ ঘ.