মৌলভীবাজার, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থানা হাজতে পাঁচ গ্রামবাসীকে আটকে রেখে উৎকোচ আদায়ের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে একই ঘটনায় বুধবার শ্রীমঙ্গল থানা পুলিশের এক উপ পরিদর্শকসহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে থানা হাজতে পাঁচজনকে দু'দিন আটকে রেখে উৎকোচ আদায়ের চেষ্টার সঙ্গে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জড়িত ছিলেন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তাকে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।"
তিনি জানান, একই ঘটনায় এর আগে গত বুধবার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ, কনস্টেবল মাহমুদুল হাসান, মো. জসিম উদ্দিন ও মইনউদ্দিন এবং পুলিশ ভ্যানের চালক মো. রিপনকে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই নাহিদ আহমেদ গত রোববার রাতে শ্রীমঙ্গলের সাতগাঁও-লাহারপুর সড়ক থেকে একটি জিপ ভর্তি রাবারসহ চারজনকে আটক করেন। ওই পুলিশ কর্মকর্তা পরদিন সকালে একই ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেন। কিন্তু আটকের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের আদালতে সোপর্দ না করে দালালের মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করেন এসআই নাহিদ ও চার কনস্টেবল।
আটককৃতদের আত্মীয় স্বজন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় অভিযোগ করেন, এসআই নাহিদসহ পাঁচ পুলিশ ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকার জন্য তাদের চাপ দেন। এ নিয়ে দর কষাকষি হয় বলেও তারা অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫৪৭ ঘ.
bdnews24