শেরপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বছর ১১ জানুয়ারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে জাহেদ আলী চৌধুরী পলাতক। এর আগে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছিল। ওই মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন শিকদার জানান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহমুদ হাসান বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে নকলা থানায় এই মামলাটি করেছেন।
তিনি জানান, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক সাংসদ জাহেদ আলী চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৩ টাকা ৮৬ পয়সার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত ২৫ লাখ ২ হাজার ৭৫৮ টাকা সম্পদ অর্জন এবং ১ কোটি ৫ লাখ ৮৪ হাজার ২৮৫ টাকা ৮৬ পয়সার সমপরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব গোপন করা হয়েছে বলে এজাহার উল্লেখ করা হয়।
গত বছর ১৭ মে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য জাহেদ আলী চৌধুরীকে নোটিশ দেয়দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় (জামালপুর-শেরপুর)। ২০ মে প্রতিনিধির মাধ্যমে সম্পদের হিসাব বিবরণী জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24