২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলা:জেনারেল মুস্তাফিজের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি মেলেনি

মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমানকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমানকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একইসঙ্গে এ মামলার অভিযোগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি অব্যাহত রয়েছে। আগামী ৮ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। বৃহস্পতিবার আদালত শুরু হলে হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ এ মামলায় উচ্চ আদালতের একটি রিটের রায়ের বিভিন্ন অংশ আদালতকে পড়ে শোনান। বাকি অংশ আগামী ৮ জুলাই পড়ে শোনাবেন তিনি। বিএনপির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালতে রিটটি করেছিলেন। এদিকে মুস্তাফিজুর রহমানের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে তার অসুস্থতার কথা জানালে বিচারক তাকে (আইনজীবীকে) নতুন করে আবেদন করতে বলেন। চিকিৎসার জন্য শেখ হাসিনা বিদেশ যাওয়ায় বৃহস্পতিবার তার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন। মামলার অন্য ছয় আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন। বিলুপ্ত দুর্নীতি ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে দেয়। মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের মালিক ব্যবসায়ী নূর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৩৪৭ ঘ.