ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে আত্মদানের জন্য দুই বাংলাদেশী শান্তিরক্ষীকে 'দাগ হামারশোল্ড' পদক দিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশী দুজনসহ শান্তি রক্ষায় জীবনদানকারী ৪২টি দেশের ৯০ জনকে এই পদকে ভূষিত করা হয়েছে।
পদকজয়ী বাংলাদেশীরা হলেন- লাইবেরিয়ায় দায়িত্বরত অবস্থায় নিহত ক্যাপ্টেন রাজিবুল কবীর এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে দায়িত্বরত অবস্থায় নিহত সৈনিক মো. শাহাব উদ্দিন। তাদের পক্ষে এই পদক গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস ইফতেখার রাসুল।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গত ২৯ মে সারাবিশ্বে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালন করা হয়। এই দিবস পালনের অংশ হিসেবে জাতিসংঘ সদর দপ্তরে নিহত শান্তিরক্ষীদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। শান্তিরক্ষা দিবস উপলক্ষে জাতিসংঘ প্রকাশিত একটি পোস্টারে বাংলাদেশের অবদানের স্বীকৃতিস্বরূপ কঙ্গোতে দায়িত্ব পালনরত একজন বাংলাদেশী সৈনিকের ছবি ছাপা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/২১২১ ঘ.
bdnews24