২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের দুর্নীতি মামলার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে করা মামলার কার্যক্রমের ওপর দু'মাস স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই, ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে করা মামলার কার্যক্রমের ওপর দু'মাস স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলাটি বাতিলের জন্য ওবায়দুল কাদেরের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ এ আদেশ দেয়। ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না, সরকার ও দুর্নীতি দমন কমিশনকে তা জানাতেও বলেছে আদালত। গত বছরের ৩০ অক্টোবর রমনা থানায় ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইসরাতুন্নেসার বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। এতে এই দম্পতির বিরুদ্ধে প্রায় ৭৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। চলতি বছর ১৭ এপ্রিল দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কমিশন। মামলাটি এখন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারাধীন। ওবায়দুল কাদেরের পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বলেন, দুদক আইন অনুযায়ী মামলা দায়েরের ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হয়। কিন্তু নির্ধারিত ওই সময়ের পর ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। দুদকের পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৯৩০ ঘ.