ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে, কয়েকটি মোবাইল অপারেটরের এক হাজার ৭০টি সিমকার্ড, ৩২ টি কুইন্টাম, ১৫০টি টেলুলার, ১৩টি চ্যানেল ব্যাংক, সাতটি পাওয়ার কর্ডসহ বিভিন্ন সরঞ্জাম।
গ্রেপ্তারকৃত দুইজন হলেন, মো. আবেদ আলী (৩২) ও জিয়াউর রহমান (২৫)।
র্যাব-১ এর কর্মকর্তা মেজর সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১ এর পৃথক তিনটি দল সোমবার গভীর রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর গুলশান, নিকেতন ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর মধ্যে গুলশান, নিকেতনের এক নম্বরের বি ব্লকের এক নম্বর সড়কের এক নম্বর বাড়ির বি/৪ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে সচল অববস্থায় ভিওআইপি সেটআপসহ আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গুলশান-১ এর ১০ নম্বর সড়কের ১৫/এ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে সচল অবস্থায় ভিওআইপি সেটআপসহ গ্রেপ্তার করা হয় জিয়াউর রহমানকে।
তিনি আরো জানান, র্যাবের অপর একটি দল মোহাম্মদপুরের সলিমুল্লাহ সড়কের ৪/২৯ (৫ম তলা) নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে অপর একটি সচল ভিওআইপি সেটআপ উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মোহাম্মদপুর এবং গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মেজর সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এএল/এমএইচবি/২২১১ ঘ.
bdnews24