২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকদের আগাম নির্দেশনা

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের আগাম নির্দেশ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের আগাম নির্দেশ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখার পাশাপাশি প্রয়োজনে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য ত্রাণ তহবিলের (জিআর) খাদ্যশস্য ও নগদ অর্থ ব্যবহার করার নির্দেশও দেয়া হয়েছে তাদের। মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, বর্ষা মৌসুম দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত এবং ভারতে অতিবৃষ্টির কারণে উজান থেকে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার জন্য বরাদ্দ করা অর্থ দিয়ে ত্রাণ কার্যক্রম চালাতে হবে। অতিরিক্ত ত্রাণ সাহায্যের প্রয়োজন হলে ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষে চাহিদাপত্র পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সব জেলার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একটি ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে জানানো হয়, ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সেখানে যোগাযোগের টেলিফোন নম্বর ৭১৬২১১৬, ৭১৬০৪৫৪, ৭১৬৪১১৫ এবং ফ্যাক্স নম্বর ৭১৬৯৬২৩, ৭১৬৯৫৬৭, ৭১৭৪১৪৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসএনডি/২০৪৩ ঘ.