ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী অভিযানের ক্ষেত্রে সরকারের অবস্থান আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় পার্টির সঙ্গে সরকারের সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে জিল্লুর এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির পক্ষে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়- দুর্নীতির ব্যাপারে সরকার আগের অবস্থান থেকে দূরে সরে এসেছে।
এ প্রসঙ্গে জিল্লুর বলেন, "সরকারের অবস্থান আগের মতোই রয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান যথেষ্ট শক্ত রয়েছে। দুর্নীতগ্রস্ত, চিিহ্নত সন্ত্রাসী নির্বাচনী প্রক্রিয়ায় যাতে অংশগ্রহণ করতে না পারে সেক্ষেত্রে সরকারের মনোবল সুদৃঢ় রয়েছে।"
সরকারের বিরুদ্ধে উত্থাপিত সব সংশয়ের ব্যাপারে সময়মতো পদক্ষেপ নিয়ে আলোচনার মাধ্যমে তা নিরসন হবে বলেও দাবি করেন হোসেন জিল্লুর।
তিনি বলেন, "অনেক সংশয়ের কথা শুনেছি। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, ভোটার তালিকা প্রণয়ন- এসব বিষয় নিয়েও জনমনে অনেক সংশয় ছিল। সেগুলো এখন সবার কাছে স্পষ্ট হয়েছে, সংশয় দূর হয়েছে।"
রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় প্রসঙ্গে হোসেন জিল্লুর রহমান বলেন, "এটি স্পষ্ট করে বলতে চাই, রোডম্যাপ অনুযায়ীই নির্বাচন হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।"
এক্ষেত্রে কোন ধরনের সংশয়ের অবকাশ নেই বলেও নিশ্চিত করেন তিনি।
খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য তার ছেলেদের বিদেশে পাঠানোসহ বিভিন্ন শর্ত সরকার মেনে না নিলে চারদলীয় জোট নির্বাচনে যাবে না- এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে জিল্লুর বলেন, "আমরা সবাইকে নিয়ে এগুতে চাই। সবাই আমাদের অগ্রযাত্রায় শামিল হবে বলে আমি আশা করছি। "
তিনি আরো বলেন, "আলোচনার প্রক্রিয়া চলছে। যৌক্তিক বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে। তারাও (চারদলীয় জোট) চান একটি অর্থবহ নির্বাচন হোক, জাতিকে রাজনৈতিক অনিশ্চয়তা থেকে উদ্ধার করা হোক। আমাদের সমাধানমুখী চিন্তাভাবনা অব্যাহত রয়েছে।"
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, "কোন একটি দল নির্বাচনে না আসলে নির্বাচন অর্থবহ হবে না- এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক চিন্তাভাবনা। আমাদের এ ধারণা পরিবর্তন করতে হবে।"
এ ধারণা বা সংস্কৃতি পরিবর্তন না করতে পারলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবেনা বলেও মনে করেন তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, "আমরা সংলাপে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল- প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের ব্যাপারে পদক্ষেপ নেওয়া, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহনীয় মাত্রায় রাখা, রেশনিং ব্যবস্থা চালু করা এবং রেশনিং ব্যবস্থার আওতায় পল্লীর মানুষের সঙ্গে স্কুল শিক্ষক ও সরকারি কর্মকর্তা র্র্কমচারীদের অন্তর্ভুক্ত করা, গ্যাস ও কয়লা উত্তোলনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি।"
এ ছাড়া নির্বাচনে যাতে সৎ ও যোগ্য প্রার্থী অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করার কথাও বলেছে জাতীয় পার্টি।
এ প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "সৎ ও যোগ্য প্রার্থী যদি নির্বাচনে অংশ নেয় সে বিষয়ে দু'পক্ষেরই ভূমিকা রয়েছে। সরকার নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে এবং এক্ষেত্রে অর্ধেক দায়িত্ব রাজনৈতিক দলের। রাজনৈতিক দল যেন সৎ ও যোগ্য প্রার্থী দেয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।"
জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়, সরকার উপজেলা পরিষদ আইন প্রণয়নে যে খসড়া করেছে তাতে আমলাতন্ত্রের ব্যাপক প্রভাব থাকার বিধান রয়েছে । তাই এ বিষয়টির সংশোধনী আনার ব্যাপারে সংলাপে প্রস্তাব করা হয়েছে।
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "তাদের এ প্রস্তাবটি দেখা হবে। স্বাধীনভাবে কাজ করতে স্থানীয় সরকার কমিশন হচ্ছে। এক্ষেত্রে তা আমলাতন্ত্রের প্রভাব মুক্ত হবে বলে আমি আশা করি।"
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির নয় সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সরকারের পক্ষে প্রধান উপদেষ্টা ছাড়াও পাঁচ উপদেষ্টা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচডি-এএইচবি/এফএফ/এএল/এমএ/১৫০১ ঘ.
bdnews24