সিলেট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামের চলমান রোড শো'র গাড়িবহর রোববার বিকেলে সিলেট পৌঁছেছে। রোড শো উপলক্ষে সোমবার সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে দিনব্যাপী মেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক হারুন-উর-রশীদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়মনসিংহ থেকে রোড শো'র গাড়িবহর সিলেট জেলার প্রবেশদ্বার শেরপুর ব্রিজে এসে পৌঁছে দুপুর ২টা ১৫ মিনিটে। জেলা প্রশাসন ও বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়িবহরকে স্বাগত জানানো হয়।
তিনি জানান, সোমবার দিনব্যাপী উৎসবে পাঁচ গুণীজনকে সম্মাননা দেওয়া হবে।
বিকেল ৩টা ৩৭ মিনিটে রোড শো'র গাড়িবহরটি সিলেট নগরীর প্রবেশদ্বার হুমায়ূন রশীদ চত্বরে পৌঁছালে সিলেটের বিভাগীয় কমিশনার ড. জাফর আহমদ খান ও জেলা প্রশাসক হারুন উর রশীদ খান স্বাগত জানান। এ সময় সিলেটের ভারপ্রাপ্ত মেয়র আযম খানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
পরে একটি শোভাযাত্রা আলীয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ রোড শো'র এ শোভাযাত্রাকে শুভেচ্ছা জানান।
এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশাল, টাঙ্গাইলসহ আরও কয়েকটি জেলা ঘুরেছে গাড়িবহর। ৩০ মে শুরু হওয়া এ রোড শো'র গাড়িবহর কক্সবাজারের টেকনাফসহ মোট ৫৫টি জেলা ঘুরে ঢাকায় ফিরবে ১৪ জুলাই।
সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যৌথ উদ্যোগে এ রোড শো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24