ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের এক শিশুকে দুবাইয়ে পাচারের চেষ্টার দায়ে রোববার এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
১৯৯৭ সালে পাঁচবছরের শিশু আলতাফকে নিজেদের ছেলে পরিচয়ে দুবাই নিয়ে যাওয়ার চেষ্টাকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কামাল হোসেন ওরফে আলী হোসেন কাজী ও তার স্ত্রী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তারা পুলিশের কাছে পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
রোববার বিকেলে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম মো. আফজাল রায় ঘোষণা করেন।
মামলার এ দুই আসামি জামিনে থাকা অবস্থায় পালিয়ে যান।
রায়ে বলা হয়, তদন্তকারী কর্তৃপক্ষ ঘটনার ৬ মাস পর মামলা দায়ের করে। এ কারণে আসামিরা জামিন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।
আলতাফের বাড়ি বরিশালে। তার বাবার নাম ইউসুফ হালদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২০৪০ঘ.
bdnews24